মুজিবনগর দিবসে চট্টগ্রামে আ.লীগের আলাদা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবসে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আলাদা কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা লালদীঘি মাঠে এবং নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমীনের অনুসারীরা মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করেন।লালদীঘির মাঠে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ মো. ইসহাক মিঞা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, ইফতেখার সাইমুল চৌধুরী, আ জ ম নাছিরউদ্দিন প্রমুখ।সমাবেশে মহিউদ্দিন বলেন, বিএনপি কাপুরুষের দল। তারা যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে ষড়যন্ত্র করে আমিনীকে মাঠে নামিয়েছে। তিনি আমিনীকে উদ্দেশ করে বলেন, ‘হুমকি দেবেন না। একাত্তরে পাকিস্তান হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারেনি। হুমকি দিয়ে আপনিও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেন না।’মুসলিম হলের সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. আবদুস ছালাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, রেহেনা কবির ও রেখা আলম চৌধুরী। সমাবেশে নুরুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন কেউই উপস্থিত ছিলেন না।সমাবেশে বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার অঙ্গীকার করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আলাদাভাবে কোনো ধরনের কর্মসূচি পালন না করার নির্দেশ দেন। কিন্তু গতকালও দুই পক্ষের নেতা-কর্মীরা আলাদা কর্মসূচি পালন করেন।