মুজিবনগর দিবসে নানা আয়োজন
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল সোমবার মুন্সিগঞ্জ শহর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দিবসটির তাৎপর্য নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন মু. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মো. তাওহীদুজ্জামান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।
সোনারগাঁয়ে দিনের শুরুতে আওয়ামী লীগের নেতারা শোভাযাত্রা নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ শাখার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রবিন প্রমুখ।
এদিকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউএনও শাহীনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ প্রমুখ।