মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক মুজিবগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
ঐতিহাসিক মুজিবগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও মশিউর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, সাংসদ শামসুল হক টুকু, সাংসদ পঙ্কজ দেবনাথ, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা আমবাগানে বাংলাদেশের প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষিত হয়।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তাজউদ্দীন আহমদ ছিলেন নিয়োগপ্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী।