মুজিবনগর দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মুজিবনগর দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।দেশের প্রথম সরকারের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ৪১ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক এ দিনটি স্মরণে রাজধানী ঢাকা ও মেহেরপুরের বৈদ্যনাথতলায় জাতীয়ভাবে কর্মসূচি পালিত হয়েছে।ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলীয় নেতা আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন, সতীশ চন্দ্র রায়, সৈয়দ মোদাচ্ছের আলী, আব্দুল মান্নান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমেদ হোসেন, মেজবাহউদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর সমাধিতে সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মোনাজাত করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।