বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কীভাবে দেশের প্রথম রাষ্ট্রপতি—এর একধরনের ব্যাখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ থেকে প্রবাসী সরকার গঠনের (১০ এপ্রিল) পূর্ব পর্যন্ত কার সরকার ছিল? দিশেহারা জাতিকে পথ প্রদর্শন করেছেন জিয়াউর রহমান। তা প্রমাণ করে সে সময় তিনি দেশের মূল ভূমিকা পালন করেন, দেশের রাষ্ট্রপতি হওয়া বা চালাতে হয়েছে, সে ব্যবস্থায় তিনি তা করেছেন।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তৃতায় রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন।
এই বক্তব্যটির আরও স্পষ্ট ব্যাখ্যা জানতে চাইলে রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের আগে দেশে কোনো সরকার ছিল না। ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এর পর থেকে মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত সময়টা জিয়াউর রহমান কার্যত রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হন। এ ছাড়া জিয়াউর রহমান প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বলেও বিএনপির এই নেতা দাবি করেন। তিনি এও বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাখ্যা, দলের নয়।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর এক দিন আগে ২৫ মার্চ তাঁর বড় ছেলে তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে একই দাবি করেন। এর পর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। তবে খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির ওয়েবসাইটেও জিয়াউর রহমানকে দেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা আছে।