মুজিবনগরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা
মেহেরপুর মুজিবনগরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সের সঙ্গে যুক্ত হতে দুপুর ১২টায় মুজিবনগর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অনুষ্ঠানে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সমিতির আওতায় মুজিবনগরে মোট ৩০২ কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন রয়েছে। আবাসিক, সেচ, শিল্প, ক্ষুদ্র শিল্প, দাতব্য প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি মিলিয়ে উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহক রয়েছেন ২১ হাজার ৫৭১ জন। এখানে ১০ এমভিএ বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র (সাবস্টেশন) বসানো হয়েছে। মুজিবনগরকে শতভাগ বিদ্যুতায়িত করতে ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিবনগরের সুবিধাভোগী মানুষজনের কথা শোনেন। তাঁদের একজন প্রধানমন্ত্রীকে মুজিবনগরে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আসবেন বলে আশ্বাস দেন।