মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেয়েসহ বিএনপি নেতা হেলাল খুনের ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ রাজনৈতিক বিরোধ, চাঁদা দাবি ও স্থানীয় একটি নির্বাচন—এ তিনটি বিষয় সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এদিকে হেলাল হত্যার প্রতিবাদে উপজেলায় কাল রোববার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি।উপজেলার রতনপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে হেলাল উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি পল্লি চিকিৎসক ও মুজিবনগর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সময় তাঁর ছোট মেয়ে হাবিবা খন্দকারকেও (১৭) কুপিয়ে ও বোমা মেরে আহত করে সন্ত্রাসীরা। রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।হেলালের স্ত্রী সন্ধ্যা রানী প্রথম আলোকে জানান, তাঁরা ছোট মেয়ে হাবিবা ও একমাত্র ছেলে সাব্বির খন্দকারকে নিয়ে ঘরের ভেতর বসে গল্প করছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে অজ্ঞাত একজন দরজায় ধাক্কা দিয়ে করুণ কণ্ঠে জানায়, তারা রোগী দেখাতে এসেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বন্দুক ও বড় বড় রামদা সজ্জিত চার-পাঁচজন হেলালকে টেনেহিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে হেলাল দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বিলাসী মণ্ডল জানান, তিনি দেখতে পান, ৮-১০ জন ছোটাছুটি করছে। কয়েক মিনিটের মাথায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর বাড়ি থেকে ২০০ গজ দূরে হেলালকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। আর ককটেলের আঘাতে আহত হাবিবা বাড়ির সামনে পড়ে ছিল। বিলাসীর স্বামী পিতর মণ্ডল জানান, সন্ত্রাসীরা ১০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে পাশের ভৈরব নদী পার হয়ে চলে যায়। ভয়ে গ্রামের কেউ এগিয়ে যেতে সাহস পাননি। লাশের পাশে চিরকুট: এলাকাবাসী হেলালের লাশের পাশে তিন-চারটি চিরকুট পড়ে থাকতে দেখে। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। একটি চিরকুটে ‘এমএল জনযুদ্ধ’র পরিচয় দিয়ে একটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। এতে ফোন করে এমএল জনযুদ্ধের খুলনা বিভাগীয় সম্পাদক বিকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।জানতে চাইলে মেহেরপুর জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, তৃতীয় কোনো পক্ষ চরমপন্থীদের ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের ধারণা। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় রাজনৈতিক বিরোধ, চরমপন্থীদের চাঁদা দাবি ও পল্লী উন্নয়ন বোর্ডের নিবার্চন (বোর্ডের আগের কমিটির চেয়ারম্যান ছিলেন হেলাল, আসন্ন নির্বাচনের জন্যও মনোনয়নপত্র কিনেছিলেন) নিয়ে দ্বন্দ্ব—এই তিনটি বিষয় সামনে নিয়ে খুনের ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে নির্বাচন নিয়ে দ্বন্দ্বের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।বিএনপির প্রতিবাদ কর্মসূচি: এদিকে হেলাল হত্যার প্রতিবাদে আজ শনিবার বিকেলে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল, কাল রোববার মুজিবনগর উপজেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল করবে জেলা বিএনপি। এ ছাড়া ২৭ মার্চ মেহেরপুরে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।