মুজিবনগরে তিনজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় একই স্থানে তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রতনপুর-তারানগর গ্রামের মাঝখানে টুপলার বিলের পাড় থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন: তারানগর গ্রামের মো. রবি (৩৫), জয়পুর গ্রামের মো. হিরু (৩০) ও মেহেরপুর সদর উপজেলার পুড়স্তপুর গ্রামের ইমাদুল হক (৩৫)। এলাকাবাসী জানান, রবি একটি চরমপন্থী দলের সদস্য ছিলেন। হিরু তাঁর সহযোগী। ২০০৩ সালে অস্ত্রসহ রবি গ্রেপ্তার হন। এ ঘটনায় করা মামলায় তাঁর কারাদণ্ড হয়। দুই মাস আগে কারাগার থেকে মুক্তি পান। ১৫ দিন আগেও রবির নেতৃত্বে গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয় বলে অভিযোগ রয়েছে। গতকাল গ্রামবাসী লাশগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রবির বাবা আজমত আলী প্রথম আলোকে বলেন, রবি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু চরমপন্থীরা সেই সুযোগ দিল না। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত তিনজনের বিরুদ্ধেই মুজিবনগর থানায় ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।