মুজিবনগরে তিনটি গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরের রতনপুর-তারানগর গ্রামের মধ্যবর্তী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তিনটি জবাই করা লাশ উদ্ধার করেছে।এর মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন উপজেলার তারানগর গ্রামের আজমত আলীর ছেলে রবি (৩৫) ও একই উপজেলার জয়পুর গ্রামের রাফাউল মণ্ডলের ছেলে হিরু (৩০)। অজ্ঞাত অপরজনের বয়স আনুমানিক ৩৫।গলাকাটা তিনটি লাশ রতনপুর ও তারানগরের মধ্যবর্তী টুুপলার বিলের পাশে পড়েছিল। সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা লাশ তিনটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, নিহতেরা গ্রামের মানুষের কাছে আতঙ্ক ছিল। তারা চরমপন্থী দল করত। তাদের ভয়ে তিনিও গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগতেন।নিহত রবির বাবা আজমত আলী জানান, তাঁর ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। কিন্তু চরমপন্থী দল তাঁকে সুস্থ জীবনে যাওয়ার সুযোগ দেয়নি। হিরুর বাবা রাফাউল মণ্ডল জানান, তাঁর ছেলে খারাপ ছিল না। রবির সঙ্গে মিশেই ছেলে খারাপ হয়েছে। দুপুরে খাওয়ার পর ছেলে বাড়ি ফেরেনি। তবে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি জানেন না।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত তিনজনই চরমপন্থী দলের সদস্য ছিলেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনজনকেই ১০ হাত দূরে দূরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি মামলা আছে। তবে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।