মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ানবাজারে বোমা হামলায় বেনা খাঁ (৩৫) নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বিএনপিকর্মী সুরুজ আলীসহ আরও নয়জন। আওয়ামী লীগের কর্মীরা এই বোমা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মেহেরপুর জেলা বিএনপি এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ঘটনায় পুলিশ গতকাল রাত নয়টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বিএনপিকর্মী বেনা খাঁসহ সাত-আটজন মুজিবনগন থানার অদূরে বসে চা পান করছিলেন। এ সময় রসিকপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী কুদ্দুসের নেতৃত্বে ৮-১০ জন তাঁদের ওপর বোমা হামলা চালান। এতে ঘটনাস্থলেই বেনা খাঁ মারা যান।নিহতের পিতা ইব্রাহিম খাঁ জানান, তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জমিজমা নিয়ে আট বছর ধরে গ্রামের আওয়ামী লীগের নেতা কুদ্দুস আলীর সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা বলেন, এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী নয়। ঘটনার ব্যাপারে কুদ্দুসের পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।