মুজিবনগরে সরকারি রাস্তা দখল, ৬০ পরিবার অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর গ্রামের পূর্বপাড়ার একটি সরকারি রাস্তা দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। রাস্তাটি দখল হওয়ায় গ্রামের অন্তত ৬০টি পরিবারের যাতায়াতসহ গির্জা, মাতৃসদন ও নদীতে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে গেছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন জানান, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিন তদন্ত করে দেখেছেন, ৬০ বছরের পুরোনো এই রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত। কিন্তু সরকারি দলের কিছু নেতার প্রভাবে একটি পরিবার রাস্তাটি দখল করে রেখেছে। প্রশাসন সুযোগ বুঝে রাস্তাটি দখলমুক্ত করবে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, পূর্বপাড়ার এই সড়ক থেকে প্রায় ৩০০ ফুট ভেতরে একটি গির্জার পাশেই ভৈরব নদী এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পরিচালিত একটি মাতৃসদন। বল্লভপুর মৌজার আরএস খতিয়ানভুক্ত ২৮২৭, ২৮২৮ ও ২৮২৯ দাগের ৩০০ ফুট দীর্ঘ এ সড়কটি সরকারি। রাস্তাটি প্রস্থে ১২ থেকে ১৬ ফুট।
এলাকার বেশ কয়েকজন জানান, গ্রামের ৮০ শতাংশ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী। এ রাস্তা দিয়ে পূর্বপাড়ার ৬০-৬৫টি পরিবার যাতায়াত করত। কিন্তু রাস্তাটি দখল করে নেওয়ায় পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব পরিবারের লোকজনকে এখন অন্যের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
পূর্বপাড়ার ভিনসেন্ট মণ্ডল (৬৫) বলেন, শৈশব থেকে তিনি ওই রাস্তা দিয়ে গির্জা, মাতৃসদন, নদীতে আসা-যাওয়া করেছেন। সপ্তাহ তিনেক আগে সুশীল মণ্ডল (কেলু ডাকালা) রাতারাতি বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি দখল করে নেন। গির্জার পুরোহিত সুখেন সরকার বলেন, বিষয়টি জেলা প্রশাসক, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা নিতে গেলে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়ুব হোসেন দখলদারের পক্ষ নেন। এ কারণে রাস্তাটি দখলমুক্ত হচ্ছে না। এখন কেউ গির্জা ও মাতৃসদনে যেতে পারছেন না।
স্থানীয় কয়েকজন জানান, দখলদারের অন্যায়ের প্রতিবাদ করায় তাঁরা অনেকের বিরুদ্ধে মামলা করার ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই রাস্তাকে কেন্দ্র করে দখলদার এলাকার কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। ওই মামলার অভিযোগের তদন্তে দেখা যায়, সরকারি রাস্তা দখলে স্থানীয় লোকজন বাদীর বাধা হয়ে দাঁড়ানোর কারণে মামলার সূত্রপাত হয়েছে। তিনি জানান, দখলদারের পক্ষে প্রভাবশালী ব্যক্তি অবস্থান নিয়েছেন, তাই কিছু করা যাচ্ছে না।
সুশীল মণ্ডল দাবি করেন, দখলে নেওয়া রাস্তার জমিটি তাঁর। তাঁরা এ নিয়ে কাউকে হুমকি দেননি।
জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী বলেন, আরএস রেকর্ডে জমিটি সরকারি হলেও অন্যান্য রেকর্ডে জমির মালিক সুশীল মণ্ডল। তাই রাস্তার জমিটি তাঁরা (সুশীল) দখলে নিয়েছেন। তিনি স্থানীয় লোকজনের অসুবিধার কথা ভেবে সুশীলকে কিছু জায়গা ছাড়তে বলেছেন। আয়ুব হোসেন বলেন, জমি সরকারি হলে সরকার মামলা করে সেটি উদ্ধার করবে।
ইউএনও জানান, তদন্তে রাস্তার জমিটি সরকারি প্রমাণিত হওয়ায় তিনি তা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এরপর জমিটি দখলমুক্ত করতে তিনি আর ভূমিকা নেননি। এতে গির্জা, মাতৃসদন, নদীতে আসা-যাওয়াসহ এলাকাবাসীর যাতায়াতে অসুবিধা হচ্ছে।