মুজিবনগরের ভাটায় মিলল চরমপন্থী নেতার লাশ
মেহেরপুরের চরমপন্থী নেতা পাঞ্জাব হোসেনের লাশ গতকাল রোববার শনাক্ত করেছেন তাঁর ছোট ভাই রফছেদ আলী। গত শনিবার মুজিবনগর থানার পুলিশ মহাজনপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
এদিকে পাঞ্জাবের স্ত্রী আহারন নেছা (৪৩) বলেন, পাঞ্জাব দুই বছর ধরে ঢাকার নবীনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ৫ অক্টোবর রাতে পুলিশ পরিচয়ে তাঁকে ওই বাড়ি থেকে আটক করা হয়। এরপর ঢাকা ও মেহেরপুরের বিভিন্ন থানায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। শনিবার মুজিবনগরের মহাজনপুর গ্রামের মশিউর রহমানের ইটভাটায় তাঁর লাশ পাওয়া যায়।
মুজিবনগর থানার ওসি আবদুস সালেক বলেন, শনিবার সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ওই ভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করে। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য ওই দিনই লাশ মর্গে পাঠানো হয়। লাশের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, নিহত পাঞ্জাবের বাড়ি গাংনীর ছাতিয়ান গ্রামে। চরমপন্থী নেতা হিসেবে এলাকায় তাঁর নামে চাঁদা তোলা হতো। এলাকায় আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। তাঁর নামে এ থানায় চারটি হত্যা, অস্ত্র আইনে দুটি, বিস্ফোরক আইনে একটি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা। এ ছাড়া দৌলতপুর থানায় অস্ত্র আইনে দুটি মামলা আছে। পাঞ্জাব নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন।