মুজিবনগরের সেই রাস্তাটি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর পূর্ব পাড়ার রাস্তাটি অবশেষে দখলমুক্ত হলো। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত উদ্দীন উপস্থিত থেকে রাস্তাটি দখলমুক্ত করেন। এ সময় পুলিশ সদস্যরা রাস্তার বেড়াগুলো তুলে ফেলেন।
‘আদালতের নির্দেশ অমান্য, রাস্তায় বেড়া দিলেন এপিপি’ শিরোনামে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে সরকারি রেকর্ডভুক্ত ওই রাস্তার প্রায় অর্ধেক বাঁশের বেড়া দিয়ে দখল করে নেওয়া হয়। গত বছরের অক্টোবরে বিদ্যুতের সঞ্চালন লাইন টানতে বাধা দিয়েছিল দখলদারের লোকজন। পরে স্থানীয় প্রশাসন ও সাংসদ ফরহাদ হোসেনের হস্তক্ষেপে সঞ্চালন লাইন টানা হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য শংকর বিশ্বাস বলেন, রাস্তায় বেড়া দেওয়ার বিষয়টি আগে নিষ্পত্তি করে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অমান্য করে সেখানে বেড়া দেওয়া হয়েছিল। ইউএনও বেড়া সরিয়ে দিয়ে জনগণের যাতায়াতের ব্যবস্থা করায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত।
ইউএনও হেমায়েত উদ্দীন বলেন, অবৈধ রাস্তা দখলমুক্ত করার জন্য সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বল্লভপুর পূর্ব পাড়ার একটি সরকারি রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবৈধ দখল অবস্থায় দেখা যায়। সেটিও উচ্ছেদ করা হয়। রাস্তাটি সুশীল মণ্ডল নামের এক ব্যক্তি দখল করে রেখেছিল বলে জানান তিনি।