আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান সরকার মুজিবনগরের কর্মচারী হিসেবে ১৯২ জনকে সাব-রেজিস্ট্রার পদে আত্তীকরণ করেছে।গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তিনি জাতীয় সংসদকে এ তথ্য জানান।জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আত্তীকরণ হওয়া ১৯২ জনের মধ্যে দুজন যোগদান করেননি। প্রথম দফায় ১২৪ জন ও দ্বিতীয় দফায় ৬৬ জন মুজিবনগরের কর্মচারী সাব-রেজিস্ট্রার পদে যোগ দেন। তাঁদের নাম, জন্ম-তারিখসহ পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরেন আইনমন্ত্রী।ওএসডি চলমান প্রক্রিয়া: এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকারের দৈনন্দিন কাজের অংশ হিসেবে জনপ্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এর সংখ্যা সুনির্দিষ্ট নয় বা এর কোনো স্থায়ী তালিকা সংরক্ষিত থাকে না।সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘সরকার জনপ্রশাসনে অধিকতর গতিশীলতা আনতে ই-গভর্ন্যান্স চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই ই-গভর্ন্যান্স পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব বলে আশা করা যায়।’তিস্তার পানি বণ্টন চুক্তি আগামী মাসে: ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আগামী মাসে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সই হবে। এর আগে প্রশ্নোত্তর পর্বে রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে অচিরেই সমতার ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।আরেক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে রাজধানীর চারপাশের নদীগুলোর নাব্যতা রক্ষা ও দূষণ রোধে শুষ্ক মৌসুমে প্রবাহ বৃদ্ধির জন্য ধলেশ্বরী, পুংলী, বংশী, তুরাগ ও বুড়িগঙ্গার ১৬২ কিলোমিটার পুনর্খননের মাধ্যমে যমুনা নদী থেকে পানি আনতে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে।