মুজিবুর কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়িচালক রেজাউল হককে গতকাল শনিবার ঢাকায় নেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ঢাকা, গাজীপুর ও টঙ্গী যাবে পুলিশ। অন্যদিকে বিএনপি নেতাকে নিয়ে পুলিশ গতকাল সিলেটের বিভিন্ন এলাকা ঘুরেছে।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক নিখোঁজ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
প্রায় সাড়ে তিন মাস পর গত সোমবার গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছ থেকে চোখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। বুধবার রাতে সুনামগঞ্জে আনার পর থেকে তাঁরা পুলিশ হেফাজতে আছেন। তাঁদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কথা বলতে দেওয়া হচ্ছে না।
পুলিশ চার দিন ধরে মুজিবুর ও গাড়িচালক রেজাউলকে আলাদা জিজ্ঞাসাবাদ করছে এবং তাঁদের নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
মামলার তদন্তের সঙ্গে জড়িত সুনামগঞ্জ পুলিশের একজন কর্মকর্তা জানান, মুজিবুর পুলিশকে বলছেন, তাঁকে সব সময় চোখ বেঁধে রাখা হতো এবং নির্যাতন করা হতো। কিন্তু চিকিৎসকেরা তাঁর শরীরে বা চোখে কোনো সমস্যা পাননি। চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন, সব সময় কারও চোখ বাঁধা থাকলে তার দৃষ্টিশক্তি কমার কথা। কিন্তু মুজিবুরের চোখে বা শরীরে কোনো সমস্যা নেই।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, মুজিবুর কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন। এ কারণে তিনি অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ানোর চেষ্টা করছেন। আমরা কয়েকটি বিষয় সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।’
মুক্তিপণ দিয়ে মুজিবুর ছাড়া পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটি আমাদের মাথায় আছে। তিনি আসলেই অপহৃত হয়েছিলেন কি না, সেই বিষয়টিও আমাদের তদন্তে গুরুত্ব পাচ্ছে।’