মুজিবুর রহমান মহিলা কলেজে নানা সমস্যা
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। ছাত্রীর সংখ্যার অনুপাতে কলেজটিতে শিক্ষক থাকার কথা অন্তত ১৫০ জন। অথচ বর্তমানে কলেজটিতে শিক্ষক আছেন ৪০ জন। বাণিজ্য বিভাগে কোনো শিক্ষকই নেই। এ ছাড়া পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও মিলনায়তন নেই। ছাত্রীদের আবাসন ও পরিবহন সংকট প্রকট। কলেজে খেলার মাঠও নেই। মোট ২০০ আসনবিশিষ্ট দুটি ছাত্রীনিবাসে গাদাগাদি করে থাকতে হচ্ছে প্রায় ৬০০ ছাত্রীকে। এসব কারণে কলেজে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।শিক্ষক-সংকট ও নানা সমস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ সামস্-উল-আলম বলেন, শিক্ষক-সংকটের কারণে কয়েকটি বিভাগে ‘অতিথি শিক্ষক’ দিয়ে পাঠদান চালাতে হচ্ছে। ছাত্রীদের আবাসনে প্রয়োজন বহুতল ছাত্রীনিবাস। অনাবাসিক ছাত্রীদের পরিবহনে প্রয়োজন অন্তত পাঁচটি বাস। অর্থনীতি ও ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু না থাকায় ছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব সংকট-সমস্যার কথা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।কলেজ সূত্র জানায়, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সরকারীকরণ করা হয় ১৯৭৮ সালে। অধ্যক্ষ জানান, স্নাতকোত্তর স্তরের পাঁচটি বিভাগে ১২ জন করে ৬০ জন, সমঞ্চানের দুটি বিষয়ে ১৪ জন এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতকের প্রতিটি বিষয়ে চারজন করে ধরে সর্বমোট প্রায় ১৫০ জন শিক্ষক থাকার কথা। কিন্তু এখানে শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা ৪৯ জন। তিনি জানান, বাংলা বিভাগে সহযোগী ও সহকারী অধ্যাপকের দুটি, ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপকের একটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপকের একটি এবং ইতিহাস, পদার্থ বিদ্যা ও গণিত বিভাগে প্রভাষকের একটি করে পদ শূন্য রয়েছে। এ ছাড়া পদার্থ, রসায়ন, প্রাণীবিদ্যা ও উদ্ভিদ বিদ্যা বিভাগে প্রদর্শক এবং শরীরচর্চা শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা মেহবুব জানান, বিজ্ঞান বিষয়ে প্রদর্শক না থাকায় ব্যবহারিক বিষয়ে হাতেকলমে শেখার সুযোগ নেই।ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিল্পী আখতার জানান, শ্রেণীকক্ষের অভাবে এক বর্ষের পাঠদান চলার সময় অন্য বর্ষের শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।