যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানকে নিয়ে গতকাল বৃহস্পতিবার অপহরণের স্থান পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ বলেছে, মুজিবুরের গাড়িচালক রেজাউল হককে নিয়েও ওই স্থানে গেছে তারা। তবে রেজাউলকে সাংবাদিকদের সামনে আনা হয়নি বা তাঁর পরিবারও গতকাল রাত আটটা পর্যন্ত তাঁর দেখা পায়নি।
পুলিশ জানায়, মুজিবুর ও রেজাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাঁদের কথাবার্তায় অমিল পাওয়া গেছে। আজ শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হবে।
পুলিশের সূত্র জানায়, রাজধানী ঢাকা থেকে মুজিবুর ও রেজাউলকে নিয়ে গত বুধবার রাত ১১টা ৪০ মিনিটে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়।
পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে গাড়ি থেকে নেমে মুজিবুর সেখানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান, কুশল বিনিময় করেন। সেখানে তিনি বলেন, ‘আমি নতুন জীবন পেয়েছি। আমাকে মুক্ত করার জন্য দেশে-বিদেশে যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ, ঋণী। আমার মরার পরও আমার বংশধরেরা চিরঋণী থাকবে।’ এরপর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এসে তাঁকে নিজ কার্যালয়ে নিয়ে যান। এ সময় রেজাউলকে সেখানে দেখা যায়নি। মুজিবুর রাতে পুলিশি প্রহরায় পৌর শহরের হাজিপাড়ায় নিজ বাড়িতে ছিলেন। রাতে রেজাউলের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, তাঁকে অন্য গাড়িতে আনা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুরের সঙ্গে গতকাল সকালে তাঁর বাড়িতে জেলা বিএনপির নেতারা দেখা করেন। পরে বেলা ১১টার দিকে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে নিয়ে ঘটনাস্থলের (সুনামগঞ্জ-সিলেট সড়কের টুকেরবাজার) দিকে যায় পুলিশ। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কথাবার্তায় ব্যাপক অমিল রয়েছে। তাঁদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’ গাড়িচালক রেজাউল কোথায়—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভোরে তাঁকে নিয়ে অভিযানে বের হয়েছে পুলিশ।’
এ সময় সেখানে থাকা রেজাউলের বাবা ওয়াহিদুল হক বলেন, ‘ছেলের সঙ্গে আমার এখনো দেখা হয়নি। আমরা জানি না সে কোথায়? পুলিশ বলছে ধৈর্য ধরতে।’ রেজাউলের বাড়ি শহরের উকিলপাড়া এলাকায়।
মুজিবুরের স্বজনদের তথ্য অনুযায়ী, অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে অপহরণকারীরা মুজিবুর ও রেজাউলকে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সেতুর কাছে গাড়ি থেকে নামিয়ে দেয়। মুজিবুর সেখান থেকে সকালে অটোরিকশা করে রেজাউলকে নিয়ে রাজধানীর গুলশানে আসেন। সেখানে তিনি রেজাউলকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে চলে যেতে বলে তাঁর স্ত্রীর ভাই আনোয়ার হোসেনের বাসায় যান। কিন্তু মঙ্গলবার পর্যন্ত রেজাউল সুনামগঞ্জে যাননি এবং তাঁর খোঁজও পায়নি পরিবার ও পুলিশ। বুধবার সকালে গুলশানে তাঁর খোঁজ পাওয়ার কথা জানায় পুলিশ। তবে কোথা থেকে, কীভাবে তাঁকে পাওয়া গেল তা জানানো হয়নি। বলা হয়, মুজিবুর ও রেজাউলকে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে। তবে বুধবার রাতে ও গতকাল সকালে সংবাদকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে কেবল মুজিবুরকে দেখেন।
ঘটনাস্থল থেকে ফেরার পর মুজিবুরকে আবার পুলিশ তাঁর বাড়িতে নিয়ে যায়।
মুজিবুর ও রেজাউলকে ঘটনাস্থলে নেওয়া সম্পর্কে গতকাল বিকেলে পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো অভিযান নয়, যে স্থান থেকে তাঁরা অপহৃত হয়েছিলেন বলে দাবি করেছেন, তাঁদের নিয়ে সে স্থানসহ আরও কিছু জায়গা পরিদর্শন করেছে পুলিশ। রেজাউল পুলিশের হেফাজতে রয়েছেন। শুক্রবার তাঁদের জবানবন্দি নেওয়ার জন্য আদালতে হাজির করা হবে।’
রাত আটটার দিকে রেজাউলের বাবা জানান, ছেলের সঙ্গে তখনো তাঁর দেখা হয়নি।
গত ৪ মে দেশে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির সমাবেশে যোগদান শেষে নিজ গাড়িতে করে সিলেটে যাওয়ার পথে মুজিবুর ও তাঁর গাড়িচালক রেজাউল নিখোঁজ হন। এর এক দিন পর মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ এটিকে নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত করে।