মুজিবুরের গাড়ির চালকের খোঁজ মিলেছে ঢাকায়
মুক্ত হওয়ার দুই দিন পর খোঁজ মিলেছে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের গাড়ির চালক রেজাউল হকের। গতকাল বুধবার সকালে ঢাকার গুলশানে রেজাউলের খোঁজ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। বিকেলে মুজিবুর ও রেজাউলকে নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয় পুলিশ।
মুজিবুর রহমানের স্বজনেরা জানান, অপহরণের সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে অপহরণকারীরা মুজিবুর ও রেজাউলকে গাড়িতে করে এনে গাজীপুরের টঙ্গীতে একটি সেতুর কাছে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়। মুজিবুর পরে রেজাউলসহ অটোরিকশা নিয়ে গুলশানে যান। মুজিবুর সেখানে তাঁর স্ত্রীর ভাই আনোয়ার হোসেনের বাসায় যান। সন্ধ্যায় আনোয়ার হোসেন তাঁকে (মুজিবুর) ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। তখন মুজিবুর জানিয়েছিলেন, গুলশানে অটোরিকশা থেকে নামার পর তিনি রেজাউলকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে যেতে বলেছিলেন।
কিন্তু এর পর থেকে রেজাউলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সুনামগঞ্জের পুলিশ জানায়, রেজাউলের খোঁজ তারা জানে না। তবে গতকাল তাঁকে কীভাবে, কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নেন মুজিবুর রহমান। সেখানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত থেকেই অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের নেতৃত্বে সুনামগঞ্জ পুলিশের একটি দল হাসপাতালে অবস্থান নেয়। মুজিবুর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিকেলে তাঁকেসহ রেজাউলকে নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয় পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, মুজিবুর রহমান ও রেজাউল হককে সুনামগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে বিভিন্ন স্থানে সরেজমিনে নিয়ে যাবে পুলিশ। তাঁদের আদালতেও হাজির করা হতে পারে।
যোগাযোগ করা হলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, ‘আমরা সুনামগঞ্জের পথে আছি। আমাদের সঙ্গে মুজিবুর রহমান ও রেজাউল হক আছেন।’
গত ৪ মে দেশে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির সমাবেশে যোগ দিয়ে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল নিখোঁজ হন। এ ঘটনায় মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ এটিকে নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত করে। মুজিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়ায় এবং রেজাউল হকের বাড়ি উকিলপাড়ায়।
মুক্ত হওয়ার পর মুজিবুর স্বজনদের বলেছেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের টুকেরবাজার থেকে পুলিশের মতো পোশাক পরা কয়েকজন তাঁদের থানায় নেওয়ার কথা বলে পৃথক গাড়িতে তুলে নিয়ে আটকে রাখে।