মুজিবের আদর্শকে এগিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একসময় মধ্যবিত্ত শ্রেণী আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন তা লুটেরা ধনিকশ্রেণীর হাতে চলে গেছে। তাই আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মুজিবের আদর্শকে এগিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুক্তিভবনের প্রগতি সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু স্মরণে সিপিবি, ঢাকা কমিটি আয়োজিত আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা, ঢাকা কমিটির সদস্য বিকাশ সাহা প্রমুখ অংশ নেন। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র—এ চার নীতির ভিত্তিতে প্রণীত ’৭২-এর সংবিধান হলো বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার। ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। বঙ্গবন্ধুর অনুসারী বলে দাবি করতে হলে সমাজতন্ত্রসহ চার মূলনীতিতে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে। সভায় সংবিধান থেকে ‘জিয়া-এরশাদের সংশোধনী’ বাতিল করে ’৭২-এর সংবিধানের মূল ভিত্তি ফিরিয়ে আনারও দাবি জানানো হয়। আলোচকেরা বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যা-সম্পর্কিত সব তথ্য-দলিল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান। বিজ্ঞপ্তি।