মুজিব-ইন্দিরা থেকে হাসিনা-মোদি

দেশ বিভাগের আগে স্যার র্যাডক্লিফের নেতৃত্বে যে স্থলসীমান্ত কমিশন গঠন করা হয়েছিল, তাদের নির্ধারিত সীমানা নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয় তৎকালীন পাকিস্তান ও ভারতে। বিশেষ করে ছিটমহলগুলো নিয়েই বড় সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সমাধানে ১৯৫৮ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নূনের মধ্যে চুক্তি সই হয়। যদিও সেটি কার্যকর হতে পারেনি দুই দেশের সংঘাতময় পরিস্থিতির কারণে। ওই চুক্তিতে ভারতের মধ্যে থাকা বেরুবাড়ি ছিটমহল পাকিস্তানের অংশ হিসেবে স্বীকার করে নেওয়া হয়। কিন্তু ভারতের ভূখণ্ডবেষ্টিত দুটি ছিটমহল—দহগ্রাম ও আঙ্গরপোতার ভাগ্য অমীমাংসিত থেকে যায়। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তিতে বেরুবাড়ি ভারতের হাতে প্রত্যর্পণ করা হয় এবং দহগ্রাম-আঙ্গরপোতাকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ করার জন্য ওই দুটি ছিটমহলকে সংযুক্ত করতে কুচলিবাড়ির তিনবিঘা জমি (দৈর্ঘ্যে ১৭৮ মিটার ও প্রস্থে ৮৬ মিটার) ভারতের কাছ থেকে স্থায়ী লিজের ব্যবস্থা রাখা হয়। এ কারণেই এটি তিনবিঘা করিডর নামে পরিচিত।
এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের সীমান্ত তিন দিকে ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রয়েছে ৪ হাজার ৯৫ কিলোমিটার এলাকাজুড়ে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ২ হাজার ২১৬ কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার (সূত্র: বাংলাদেশ ভারত সম্পর্ক, মোহাম্মদ সেলিম, বাংলা একাডেমি)।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল আছে, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সীমান্ত চুক্তি অনুস্বাক্ষরের কপি বিনিময়ের পর এর হস্তান্তর-প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এসব ছিটমহলের আয়তন ৫ থেকে ৫০ একর পর্যন্ত। সব মিলিয়ে লোকসংখ্যা ৫১ হাজারের কিছু বেশি। এসব ছিটমহল অন্য রাষ্ট্রের ভূখণ্ড দ্বারা বেষ্টিত থাকায় এর বাসিন্দারা যে দেশের নাগরিক হিসেবে আইনত স্বীকৃত, সেই দেশ থেকে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাষ্ট্রের সুযোগ-সুবিধাসহ সব ধরনের মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত ছিল।
পাকিস্তান আমল: ১৯৪৯ সালের ডিসেম্বরে বিশেষ চুক্তির মাধ্যমে সুইডেনের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অ্যালগট বেগিকে চেয়ারম্যান করে বাউন্ডারি ডিসপুটস ট্রাইব্যুনাল গঠন করা হয়। ১৯৫৮ সালে নেহরু-নূন চুক্তি সইয়ের পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোকসভায় বলেছিলেন, ‘ভূখণ্ড (ছিটমহল) বিনিময়ের মাধ্যমে আমরা চাই না, সেসব এলাকার মানুষ অভিবাসী হয়ে যাক। যে দেশের মধ্যে তারা আছে, সেই দেশেই তারা থাকবে।’
স্বাধীনতার পর: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই দেশই সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয় এবং ১৯৭৪ সালের ১৬ মে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে আরেকটি সীমান্ত চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী ভারতের ভেতরে থাকা দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে চলে যায় এবং দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের অধিকারে আসে। ছিটমহল দুটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় পানবাড়ি মৌজার সঙ্গে যুক্ত করার জন্য তিনবিঘা জমি ভারত বাংলাদেশের অনুকূলে স্থায়ী ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। চুক্তি সইয়ের পরপরই বাংলাদেশ জাতীয় সংসদ এটি অনুমোদন করে। যদিও ভারত মামলার দোহাই দিয়ে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখে।
জিয়ার শাসনামল: ১৯৭৫ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপড়েন দেখা দিলেও সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকে। জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৮ সালে তাঁর নয়াদিল্লি সফর এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঢাকা সফরকালে সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়টি উত্থাপিত হয়। বাংলাদেশ তিনবিঘা করিডর হস্তান্তরের ওপর জোর দেয়। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার গঠিত হলে সীমান্ত চুক্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে তাদের বিরোধ লক্ষ করা যায়। বামফ্রন্টের অন্যতম শরিক ফরোয়ার্ড ব্লক প্রবলভাবে তিনবিঘা করিডর হস্তান্তরের বিরোধিতা করে। তারা গঠন করে তিনবিঘা আন্দোলন কমিটি। জিয়ার শাসনামলে এ ব্যাপারে আর অগ্রগতি হয়নি।
এরশাদ আমল: ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার কয়েক মাসের মাথায় ক্ষমতায় আসেন সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। ১৯৮২ সালের ৬-৭ অক্টোবর তিনি দিল্লি সফর করেন এবং তিনবিঘা করিডর দেওয়া নিয়ে ভারতের সঙ্গে সমঝোতায় আসেন। সীমান্ত চুক্তির ১ নম্বর অনুচ্ছেদের ১৪ নম্বর ধারা অনুযায়ী তিনবিঘা করিডর বাংলাদেশের অনুকূলে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্দেশ্যে দুই দেশের সরকার এক সমঝোতা স্মারক সই করে। ওই সময় ভারত এই নিশ্চয়তা দেয় যে ১৯৭৮ সালের স্থলসীমান্ত চুক্তি পার্লামেন্টে অনুস্বাক্ষর না হলেও যথাসম্ভব তিনবিঘা করিডর বন্দোবস্তের শর্তাবলি পূরণ করবে। এ ব্যাপারে ১৯৮২ সালের ৭ অক্টোবর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পত্র বিনিময় হয়, যা পরবর্তীকালে চুক্তির অংশ হিসেবে বিবেচনা করা হয়।
এই করিডর হস্তান্তরের শর্ত অনুযায়ী বাংলাদেশ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পানবাড়ি মৌজার সঙ্গে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল যুক্ত করার জন্য ভারত সরকার স্থায়ীভাবে তিন বিঘা পরিমাণ জমি বাংলাদেশকে ইজারা দেবে, এর বিনিময়ে বাংলাদেশ সরকার বছরে এক টাকা হারে খাজনা দেবে ভারতকে। এতে আরও বলা হয় যে খাজনা দিতে হবে না এ কারণে যে ভারত সরকার তার দাবি পরিত্যাগ করেছে। এই চুক্তি অনুযায়ী পুলিশ, বিডিআর (বর্তমান বিজিবি), সামরিক বাহিনীসহ বাংলাদেশের যেকোনো নাগরিক করিডর ব্যবহারের পূর্ণ স্বাধীনতা ব্যবহার করতে পারবে।
কিন্তু ফরোয়ার্ড ব্লকের বিরোধিতার কারণে তিনবিঘার ইজারা-প্রক্রিয়া থেমে যায়। ভারতের কুচলিবাড়ি এলাকার বাসিন্দারা হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা করেন।
খালেদা জিয়ার আমল: ১৯৯২ সালের ২৬ মার্চ ভারতের পররাষ্ট্রসচিব জে এন দীক্ষিত বাংলাদেশের তৎকালীন অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ এইচ মাহমুদ আলীকে একটি চিঠি দেন, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। এর জবাবে মাহমুদ আলী ফিরতি চিঠিতে তিনবিঘা করিডর হস্তান্তরের শর্তাবলি নিয়ে উভয় পক্ষের মধ্যে ১১ দফা সমঝোতার কথা জানান। এরপর ২৬-২৮ মে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিল্লি সফরের সময় তিনবিঘা করিডর হস্তান্তরের ব্যাপারে আরেকটি সমঝোতা হয়। এই পরিপ্রেক্ষিতে ১৯৯২ সালের ২৬ জুন থেকে বাংলাদেশের কাছে তিনবিঘা করিডরের হস্তান্তর কার্যকর হয়। যদিও সেই বন্দোবস্ত ছিল শর্তসাপেক্ষ এবং সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত গেট খোলার ব্যবস্থা হয়।
শেখ হাসিনার আমল: শেখ হাসিনার প্রথম সরকারের আমলে ভারতের সঙ্গে ত্রিশ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি হলেও সীমান্ত চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া তেমন এগোয়নি। তবে ভারতের সহায়তায় পার্বত্য চুক্তি সই হয়, ভারতে অবস্থানরত শরণার্থীরা দেশে ফিরে আসে। খালেদা জিয়ার দ্বিতীয় সরকার ভারতের সঙ্গে ‘অনুপ্রবেশ’, সীমান্তে সংঘাত ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকায় সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়নি বললেই চলে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে স্থলসীমান্ত ও সমুদ্র সীমান্ত বিরোধ নিষ্পত্তি করার উদ্যোগ নেয়। আন্তর্জাতিক আদালত ও সালিসির মাধ্যমে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ করার কাজটি সম্পন্ন হয়। স্থলসীমান্ত বিরোধ নিষ্পত্তিতে ২০১১ সালে প্রটোকল সই হয় এবং সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে ১৯৭৪ সালের চুক্তি অনুমোদন পায়।