নতুন এক গবেষণায় জানা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ব্যক্তি অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়ার সমস্যায় ভুগছে এবং অতিরিক্ত ওজনের কারণে তারা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রে মুটিয়ে যাওয়ার হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। স্থূলতার হার সবচেয়ে কম বাংলাদেশ ও ভিয়েতনামে। বিশ্বজুড়ে এ সমস্যায় ভোগা ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক ক্রিস্টোফার মারে এই গবেষণায় কাজ করেছেন। ১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই গবেষণাপত্র রচনা করা হয়েছে। নগরায়ণ, নিম্নমানের খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের কাজ তুলনামূলক হারে কমে যাওয়ায় মুটিয়ে যাওয়ার হার বেড়েছে বলে গবেষণায় মত প্রকাশ করা হয়। শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হিসাব করতে গেলে মুটিয়ে যাওয়ায় মিসর এগিয়ে। সিএনএন