মুঠোফোনে কথা বলতে বলতে...
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শেষবর্ষের শিক্ষার্থী মোল্লেক হোসেন গত রোববার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন৷
মোল্লেক পড়াশোনার পাশাপাশি শহরের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উলুকান্দা গ্রামের আমছর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার সন্ধ্যায় মোল্লেক রেললাইন ধরে হাঁটছিলেন৷ এমন সময় তাঁর মুঠোফোন বেজে ওঠে। তিনি ইয়ার ফোন লাগিয়ে ফোন রিসিভ করে কথা বলতে বলতে হাঁটতে থাকেন৷ ঠিক তখনই দ্রুতগামী একটা ট্রেন আসে । ট্রেন খুব কাছে এলে দুপাশের লোকজন চিৎকার করে তাঁকে সরতে বলেন৷ বিষয়টি বুঝতে পেরে মোল্লেক বাঁচার জন্য দৌড় দেন। কিন্তু তাতে কাজ হয়নি৷ ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১২টার দিকে মোল্লেক মারা যান।