মুঠোফোনে কথা বলতে বলতে...
রেললাইন দিয়ে হাঁটছেন আর মুঠোফোনে কথা বলছেন এক ব্যক্তি। পেছন থেকে ভেঁপু বাজাতে বাজাতে আসছে ডেমু ট্রেন।
কিন্তু কথোপকথনে এতটাই মগ্ন ছিলেন যে সেদিকে খেয়ালই করেননি। একটু অসতর্কতার জন্য চড়া মূল্য দিতে হলো তাঁকে। ওই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তিনি।
গতকাল মঙ্গলবার সোনাপুর-লাকসাম রেললাইনের নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরের বছিরার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম ফয়েজ আহম্মদ (৩২)। তিনি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের মো. ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ফয়েজ আহম্মদ বছিরার দোকান থেকে উত্তর দিকে রেললাইনের ওপর দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় নোয়াখালী শহরের সোনাপুর স্টেশন থেকে আসছিল লাকসামগামী ডেমু ট্রেন।
স্থানীয় কয়েক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে ফয়েজকে ডেকে ট্রেন আসার কথাও বলেছিলেন।
কিন্তু তিনি রেললাইন ধরে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটতে থাকেন। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
মাইজদীকোর্ট স্টেশনের মাস্টার নিত্তরঞ্জন ভূঁইয়া বলেন, লোকটি মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কয়েক ঘণ্টা পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।