মুঠোফোনে চলবে অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিতে চলবে অটোরিকশা। মুঠোফোনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যাবে। বাড়ানো বা কমানো যাবে এই বিশেষ যানের গতি। মুঠোফোনে জানা যাবে রাস্তায় থাকা যানবাহনটির অবস্থান। কথোপকথন শোনা বা গোয়েন্দাগিরির কাজও করা যাবে এটির সাহায্যে।
শারীরিক প্রতিবন্ধীদের দৈনন্দিন চলাফেরায় সুবিধা প্রদানে মুঠোফোন-নিয়ন্ত্রিত এই বিশেষ যানবাহন প্রযুক্তি উদ্ভাবন করেছেন বগুড়ার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অব বাংলাদেশ (আইআইটিবি) নামে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার একটি স্টলে প্রদর্শিত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য উদ্ভাবিত মুঠোফোন-নিয়ন্ত্রিত এই যান। মেলা উদ্বোধন করতে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ শিক্ষার্থীদের এমন উদ্ভাবন দেখে অভিভূত হন।
শুধু আধুনিক প্রযুক্তির এমন যানই নয়; মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত তথ্যপ্রযুক্তিনির্ভর এমন আরও ১৫টি উদ্ভাবন।
গতকাল রোববার মেলার দ্বিতীয় দিনে এসব উদ্ভাবন দেখতে মেলার বিভিন্ন স্টলে দর্শকদের ঢল নামে। দর্শকদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুল-কলেজের শিক্ষার্থী।
উদ্ভাবক দলের নেতা ও আইআইটিবির শিক্ষার্থী আবু তালহা প্রথম আলোকে বলেন, এই বিশেষ যান নিয়ন্ত্রণ করা যাবে যেকোনো স্মার্টফোনের মাধ্যমে। মুঠোফোন চালাতে সক্ষম যেকোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি তাঁর মুঠোফোনের সাহায্যে এই অটোরিকশা ব্যস্ত রাস্তায় চালাতে এবং ইচ্ছামতো তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
তিনি বলেন, মুঠোফোন-নিয়ন্ত্রিত এই যানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন, ব্লুথ ডিভাইস, একটি ইলেকট্রিক মোটর, ব্যাটারি, একটি মাইক্রো কন্ট্রোলারসহ আনুষঙ্গিক উপকরণ।
আবু তালহা বলেন, প্রতিবন্ধীরা এই যানে বসে মুঠোফোনে গেম খেলার পাশাপাশি ইচ্ছামতো অটোরিকশাটি চালাতে পারবেন। এই যানের অবস্থানও জানা যাবে মুঠোফোনেই। এ জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। গুগল ম্যাপের ব্যবহারে মুঠোফোনে ভেসে উঠবে নির্দিষ্ট স্থানসহ ওই সাংকেতিক চিহ্ন। ব্যস্ততম শহরের কোনো স্থানের কথোপকথন শোনা যাবে এই যানের সাহায্যে।
এদিকে সৌরবিদ্যুৎচালিত একই ধরনের অটোরিকশা উদ্ভাবন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিট) নামে আরেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দলনেতা তারেক আজিজ বলেন, এই অটোরিকশার ওপরে স্থাপন করা সোলার প্যানেল থেকে ১২০ ওয়াটের বিদ্যুৎ ১২ ভোল্টের ব্যাটারিতে জমা হবে। এই ব্যাটারির সাহায্যে চলবে অটোরিকশা।
একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুঠোফোনের সাহায্যে বৈদ্যুতিক বাতি, পাখা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ ও চালু করার প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, মেলায় প্রদর্শিত উল্লেখযোগ্য ১৫টি উদ্ভাবনের মধ্য থেকে শ্রেষ্ঠ উদ্ভাবকদের আজ সোমবার শেষ দিনে পুরস্কার দেওয়া হবে।