মুঠোফোনে চিকিৎসাসেবা পাবেন বিজিবির সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং তাঁদের পরিবার এখন মুঠোফোনে সার্বক্ষণিক চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাবেন। এ লক্ষ্যে বিজিবি নিজেদের হাসপাতালগুলোতে মুঠোফোনভিত্তিক টেলিকনসালটেশন চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার পিলখানা, চট্টগ্রামের সাতকানিয়া, খাগড়াছড়ির জালিয়াপাড়া, ঠাকুরগাঁও এবং চুয়াডাঙ্গায় অবস্থিত বিজিবির পাঁচটি হাসপাতালে একই সঙ্গে এই মুঠোফোনভিত্তিক চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের যেসব স্থানে বিজিবির চিকিৎসক বা সাধারণ চিকিৎসক নেই, সেখানেও এ সুবিধা পাওয়া যাবে।
বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের পয়লা জুলাই থেকে পিলখানার বিজিবি হাসপাতাল এবং সাতকানিয়া বিজিবি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ চিকিৎসাসেবার কাজ শুরু হয়। এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বিজিবি সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এ চিকিৎসাসুবিধা নিয়েছেন। এ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা-সংক্রান্ত একটি পরিপূর্ণ তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে।