মুঠোফোনে প্রেম, বিয়ের ১৯ দিন পর লাশ
কিশোরগঞ্জে সোমা আক্তার (২১) নামের এক নববধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিশোরগঞ্জের পুলিশ গত শনিবার রাতে ঢাকার খিলগাঁও থেকে রুবেলকে গ্রেপ্তার করে৷ গতকাল রোববার তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়৷
পুলিশ ও সোমার পরিবারের সদস্যরা জানান, সোমার বাড়ি সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লাহরচর গ্রামে৷ স্টেশন সড়কের সিদ্দিক টাওয়ারে সোমা একটি বিউটি পারলার চালাতেন৷ শহরের খড়মপট্টি মহল্লার একটি ভবনের ছয়তলায় মাকে নিয়ে থাকতেন তিনি৷ তিন মাস আগে মুঠোফোনের একটি মিসড কলের সূত্র ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের রুবেল মিয়ার সঙ্গে সোমার পরিচয়৷ রুবেল পেশায় প্রাইভেটকারের চালক৷ শেষে পরিবারের অমতে গত ৩ এপ্রিল তাঁরা বিয়ে করেন৷
২২ এপ্রিল ওই ভাড়া বাড়ির ছয়তলার কক্ষের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো সোমার গলিত লাশ উদ্ধার করে পুলিশ৷ ঘটনার পর থেকে রুবেল আত্মগোপন করেন৷ ওই ঘটনায় সোমার মা জমিলা খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন৷ মামলায় প্রধান অভিযুক্ত করা হয় রুবেলকে৷
জমিলা খাতুন জানান, বিউটি পারলারটি ভালোভাবে পরিচালনা করতে সোমার বাবা সম্পত্তি বিক্রি করে আড়াই লাখ টাকা দিয়েছিলেন৷ ওই টাকা নেওয়ার জন্য চেষ্টা করছিলেন রুবেল৷ এ নিয়ে তাঁদের মধ্যে মানোমালিন্য হয়৷ পারিবারিক প্রয়োজনে ১৯ এপ্রিল তাঁকে গ্রামের বাড়ি চলে আসতে হয়৷ ওই দিন রাত পৌনে আটটার সময়ও মেয়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়৷ এর পর থেকে ফোনটি বন্ধ ছিল৷ পরদিন সকালে বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থা দেখতে পান তিনি৷ ফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে একেক সময় একেক কথা বলেন৷ তিন দিন পর ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে রুবেল স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন৷ তবে আদালতে নেওয়ার সময় সদর মডেল থানায় সাংবাদিকদের কাছে রুবেল স্ত্রী হত্যার দায় স্বীকার করেননি৷