মুঠোফোনে বিভোর চালক, বাসের তলায় তরুণের মৃত্যু
মুঠোফোনে কথা বলতে বলতে বাসটি চালাচ্ছিলেন চালক। বাসের সামনের এবড়োখেবড়ো বাম্পারের কোনায় লেগে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলের তরুণ আরোহী। তিনি বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে আটকে যান পেছনের চাকার এক্সেলে। এত কিছুর পরও মুঠোফোনে বিভোর বাসচালক, বিষয়টি টেরই পাননি।
এভাবে আটকে থাকা হতভাগ্য তরুণকে টেনেহিঁচড়ে শ খানেক গজ নিয়ে যায় বাসটি। পথচারী ও অন্য যানবাহনের লোকজনের চিৎকারে দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে চাকার নিচে তরুণকে রেখেই চম্পট দেন চালক। পরে অনেক চেষ্টায় বাসটি ঠেলে আটকে থাকা ওই তরুণকে উদ্ধার করে লোকজন। ততক্ষণে তিনি মারা গেছেন। রাস্তার ঘষায় তাঁর শরীরের পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিলে গেছে, খুবলে উঠে গেছে বুকের মাংস।
গতকাল মঙ্গলবার বিকেলে মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে ওই ঘটনার বর্ণনা এভাবেই দিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। নিহত তরুণ বেসরকারি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সাদী মোরশেদ (২০)। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে মোটরসাইকেলে কমলাপুরের বাসায় ফিরছিলেন। তাঁর বাবা জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম। মা সবুরা খাতুন তিতাস গ্যাসের হিসাবরক্ষণ কর্মকর্তা। দুই ভাইয়ের মধ্যে সাদী ছোট ছিলেন।
খবর পেয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে ভিড় জমান নিহত সাদীর স্বজন, সহপাঠী ও বন্ধুরা। কান্নায় ভেঙে পড়েন সাদীর বাবা-মা।
প্রত্যক্ষদর্শী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার নুরুজ্জামান ও রাসেল আহমেদ জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাসায় ফিরছিলেন। ফাল্গুন পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীকে রাস্তায় ছিটকে পড়তে দেখেন তাঁরা। এতে তরুণটি বাসের চাকার তলে চলে যায়। ওই সময় তাঁদের বাসসহ অন্য যানবাহনের যাত্রীরা চিৎকার শুরু করেন। তাঁরা তাঁদের বাসটি থামিয়ে এগিয়ে যান। ততক্ষণে ফাল্গুন পরিবহনের ওই বাসটির পেছনের চাকার এক্সেলে মোটরসাইকেল আরোহী আটকে যান। পরে তাঁরা বাসটি ঠেলে তরুণের রক্তাক্ত-থেঁতলানো দেহ উদ্ধার করেন।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এর আগে রোববার সকালে মালিবাগে যাত্রী ধরার প্রতিযোগিতায় লিপ্ত ফাল্গুন পরিবহন ও দিবানিশি পরিবহনের দুটি বাসের মাঝে পড়ে মারা যান মোজাম্মেল হক নামে এক যুবক। ওই ঘটনাতেও চালক বাস ফেলে পালিয়ে যান। চালককে এখনো ধরতে পারেনি পুলিশ।
গতকালের ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ফাল্গুন পরিবহনের বাসটি আটক করা গেলেও এর চালককে আটক করা যায়নি। পুলিশ চালককে ধরার চেষ্টা করছে।