মুঠোফোনে ভোটার ধরে রাখার শেষ চেষ্টা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি অনুযায়ী গত সোমবার রাত ১২টার পর থেকেই পৌরসভা নির্বাচনের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে। কিন্তু রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে বা প্রচলিত পথে এরপর আর প্রচারণা না চালালেও মুঠোফোনে ঠিকই ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রার্থীরা।
গতকাল মঙ্গলবারও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মনোযোগ নিজের দিকে ধরে রাখার শেষ চেষ্টা করেন এই পৌরসভার প্রার্থীরা।
এবার বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের উত্তম কুমার সাহা, জাতীয় পার্টির লাতিফুল খাবীর, বিএনপির পরিতোষ চক্রবর্তী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকী, স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক ও ন্যাশনাল পিপলস পার্টির শামিম আরা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে লড়ছেন ৪৪ জন প্রার্থী।
তবে প্রতিদ্বন্দ্বী ওই ছয় মেয়র প্রার্থীর মধ্যে শামিম আরা বেগম সোমবার রাতে পৌর শহরের ধানহাটী সড়কে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের নির্বাচনী পথসভায় হাজির হয়ে তাঁকে সমর্থন জানিয়ে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গতকাল সকাল থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মুঠোফোন ছিল ব্যস্ত। নির্বাচনে মেয়র পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের মুঠোফোনে গতকাল সকাল আটটা থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই প্রতিবেদক অন্তত ২০ বার ফোন দেন। প্রতিবারই তা ব্যস্ত পাওয়া যায়। একইভাবে মুঠোফোনে ব্যস্ত পাওয়া যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা ও বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তীসহ অন্য দুই মেয়র ও অন্তত ২৫ কাউন্সিলর প্রার্থীর মুঠোফোনও।
সন্ধ্যা সোয়া ছয়টায় ফোনে পাওয়া যায় স্বতন্ত্র প্রার্থী আজিজুল হককে। তিনি এ সময় বলেন, ‘খুব ব্যস্ত, ভাই। প্রচারণা বন্ধ। তাই ফোনে ফোনে ভোটারদের জাগিয়ে রাখার চেষ্টা করছি। অনেক ভোটার নিজেও ফোনে খোঁজখবর নিচ্ছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ফোনে পাওয়া যায় সন্ধ্যা সাড়ে ছয়টায়। তিনি বলেন, ‘এখন ফোন ছাড়া তো প্রচারণা চালানোর সুযোগ নেই। তা ছাড়া ফোনেই কর্মীদের অনেক নির্দেশনা দিচ্ছি। কথা বলছি এলাকার গুরত্বপূর্ণ মানুষদের সঙ্গেও।’