মুঠোফোনে স্বাস্থ্যসেবা নিচ্ছে ১০ লাখের বেশি মা ও শিশু
কোনো মুঠোফোন থেকে ১৬২২৭ নম্বরে ফোন করলে ‘আপনজন স্বাস্থ্যসেবা’ থেকে স্বাগত জানানো হয়। এরপর এই নম্বরে নিবন্ধিত হয়ে গর্ভবতী মা অথবা এক বছরের শিশুর মা এই নম্বর থেকে স্বাস্থ্য সম্পর্কে নানা তথ্য ও উপদেশ পেতে পারেন। দেশে বর্তমানে ১০ লাখের বেশি মা ও শিশু এই সেবার আওতায় আছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই তথ্য দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ইউএসএআইডি সমন্বিত মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচি এবং বেসরকারি প্রতিষ্ঠান ডিনেট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। মুঠোফোনে সেবাগ্রহীতার সংখ্যা ১০ লাখ অতিক্রম করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনজন সেবা প্রকল্পের মূল উদ্যোক্তা ও ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান বলেন, বর্তমানে ১২ লাখ মা ও শিশু আপনজন সেবা থেকে মুঠোফোনে সেবা পাচ্ছে। এদের ৫১ শতাংশ অতি দরিদ্র, ২৫ শতাংশ দরিদ্র এবং ১৬ শতাংশ নিম্ন মধ্যবিত্ত।
আয়োজকেরা জানান, এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১২ সালে। সরকারের ও ব্র্যাকের মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদের নিবন্ধন করেন। এরপর গর্ভবতী মা প্রতি সপ্তাহে দুটি এবং স্বামী বা অভিভাবক একটি খুদেবার্তা পান। সেই বার্তায় করণীয় বলা থাকে। গর্ভবতী মা নিজে ফোন করেও তথ্য পেতে পারেন। গর্ভবতী এবং স্তন্যদায়ী মা ফোন করে চিকিৎসকের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। দরিদ্ররা বিনা মূল্যে এই সেবা পাচ্ছেন। অনন্য রায়হান দাবি করেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে এটাই পৃথিবীর সবচেয়ে বড় কর্মসূচি।
অনুষ্ঠানের শুরুতে সেভ দ্য চিলড্রেন-এর মা-মণি স্বাস্থ্য কর্মসূচির প্রধান ইশতিয়াক মান্নান বলেন, আপনজন একটি ডিজিটাল সেবা। এই সেবা ব্যক্তিগতভাবে দেওয়া হয়। কম খরচে সহজে অনেক মা এই সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার মাতৃ ও শিশুমৃত্যু কমাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এ ক্ষেত্রে আপনজন বিশেষ ভূমিকা রাখছে।