মুঠোফোনে হুমকিদাতা আবদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র
অর্থ, আইন, শিক্ষা ও কৃষিমন্ত্রীসহ দেড় শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার হুমকিদাতা আবদুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্র গত ৩১ মার্চ দেওয়া হলেও গতকাল শুক্রবার অভিযোগপত্র দেওয়ার বিষয়টি আদালত সূত্রে জানা যায়।
অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন হাফেজ আবদুল হক ও তাঁর বন্ধু আমিনুর রহমান। তাঁরা দুজনই এখন কারাগারে।
বিভিন্ন সময়ে ফেসবুক, ই-মেইল হ্যাক করার কারণে আবদুল হক তাঁর নিজস্ব বলয়ে ‘আবদুল হ্যাক’ নামে পরিচিত।
অভিযোগপত্রে বলা হয়েছে, আবদুল হক তাঁর দুই বন্ধুকে ফাঁসানোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বর সংগ্রহ করে মোবাইল ফোনে তাঁদের হত্যার হুমকি দিতেন। এই দুই বন্ধু হলেন সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়জুর রহমান ও সালেহ আহম্মেদ ওরফে ফোয়াদ।
তবে ফয়জুর রহমান আদালতকে বলেছেন, ২০০৭ সালে তিনি আবদুল হককে নিয়ে একটি সাংস্কৃতিক ফোরাম গঠন করেন। তাঁরা একসঙ্গে লেখালেখি ও সাহিত্যচর্চা করতেন। কিন্তু আবদুল হক সরকারবিরোধী লেখালেখি করায় তাঁকে ওই ফোরাম থেকে তিনি বের করে দেন। এরপর প্রযুক্তির সাহায্যে তাঁর মোবাইল ফোন নম্বর ব্যবহার করে হক প্রথমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার হুমকি দেন। পরে ২০১৩ সালে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর একইভাবে সে আইনমন্ত্রীকে হত্যার হুমকি দিলে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু পরে প্রমাণিত হয় হত্যার হুমকি তিনি দেননি।
আসামি আবদুল হক, আমিনুর রহমান ও তাঁদের বন্ধু ফয়জুরের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট গ্রামে। আবদুল হক
ও ফয়জুর একই মাদ্রাসা থেকে হাফেজ হন।