মুঠোফোনের দাপটে হারিয়ে যাচ্ছে রাতজাগানিয়া দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর ঘুম নয়। সময় হয়েছে সেহ্রির’ গলায় সুর তুলে হাঁক দিয়ে চলে যায় রাতজাগানিয়া দল। গোটা রমজান মাসজুড়ে রাতে চোখে ঘুম থাকে না এই দলের। কেননা তাঁরা না ডাকলে গ্রামবাসীকে রোজার জন্য তৈরি হতে বলবে কে!
কয়েক বছর আগেও এ রকম চিত্র দেখা যেত বগুড়ার শিবগঞ্জে। কিন্তু মুঠোফোনের ব্যবহার বাড়ায় এ চিত্র পাল্টাতে শুরু করেছে। মুঠোফোনের দাপটে হারিয়ে যেতে বসেছে রাতজাগানিয়া দল।
এলাকার পাঁচজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আগে প্রত্যন্ত অঞ্চলে সময় দেখার ভালো ব্যবস্থা ছিল না। তখন সেহ্রির সময় রোজাদারদের ঘুম ভাঙিয়ে দিত জাগানিয়া দল। প্রায় প্রতিটি গ্রামেই এ রকম একটা-দুটা দল ছিল। দলের সদস্যদের হাতে থাকত চোঙা, টর্চ, হ্যাজাক বা হারিকেন। রাত দুইটার দিকে তাঁরা নেমে পড়তেন। গ্রামের প্রতিটি বাড়ির সামনে দিয়ে ঘুরে ঘুরে গজল গাইতেন আর সবাইকে সেহ্রি খেতে ডাকতেন।
একসময় রাতজাগানিয়া দলে কাজ করতেন এমন চারজন বলেন, সাধারণ মানুষের কাছে তাঁরা কাফেলা বা রাতজাগানিয়া দল হিসেবে পরিচিত। মূলত, কিশোরেরাই ‘জাগনদার’ হিসেবে কাজ করতেন। অনেক দলে বয়স্করাও থাকতেন। তাঁরা মনে করতেন এটি তাঁদের সামাজিক দায়িত্ব। এ জন্য ঈদুল ফিতরের আগে গ্রামবাসীরা তাঁদের বকশিশ দিতেন।
উপজেলার কুড়াহার গ্রামের ইয়াছিন আলী (৫৫) বলেন, আগে শেষ রাতে গ্রামগুলোতে অন্য রকম পরিবেশ বিরাজ করত। এখন মুঠোফোনের কারণে কাউকে জাগাতে হয় না। অনেকে ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন। একে অপরকে কল দিয়েও ডেকে দেন। নতুন প্রযুক্তি গতি দিলেও সেহ্রির অন্য রকম এক পরিবেশ কেড়ে নিয়েছে।’