মুঠোফোনের রিংটোনে ভারতীয় চলচ্চিত্রের গান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের রিংটোন বা ওয়েলকাম টিউনে হিন্দি বা উপমহাদেশের অন্য কোনো দেশের ভাষার চলচ্চিত্রের গান ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ অন্তর্বর্তী আদেশ দেন।
একই সঙ্গে মুঠোফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিসে এসব গান ও সুর ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। সংস্কৃতিসচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব, বাণিজ্যসচিব, অর্থসচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সব মুঠোফোন অপারেটরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, দেশের আমদানিনীতি অনুসারে ইংরেজি ভাষার চলচ্চিত্র আমদানি করা যায়। কিন্তু ভারতীয় বা উপমহাদেশের অন্য কোনো ভাষার চলচ্চিত্র বাংলাদেশে আনা যাবে না। এ জন্য আদালত বিবাদীদের রুল দিয়েছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুঠোফোনে হিন্দি বা উপমহাদেশের অন্য কোনো ভাষার চলচ্চিত্রের ওয়েলকাম টিউন বা রিংটোন ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।
মুঠোফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিসে হিন্দি বা উপমহাদেশের অন্য কোনো ভাষার রিংটোন বা ওয়েলকাম টিউন ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস কে শাহেদ আলী। আদালতে আবেদনের পক্ষে ছিলেন মেহেদী হাসান চৌধুরী।