মুঠোফোন উদ্ধারে ট্রেন থেকে লাফ দিয়ে...
ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধারের জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ায় দুই পা হারিয়েছেন সেলিম মালদার (৪০) নামের এক প্রবাসী। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সেলিম আখাউড়া উপজেলার মালদারপাড়া মহল্লার রুহুল আমিন মালদারের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী। কয়েক দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন তিনি। তাঁর স্ত্রী-সন্তান নরসিংদীর পলাশে থাকেন। গত শুক্রবার বাবার চেহলামে স্ত্রী-সন্তান, শ্যালক ও শ্বশুরকে নিয়ে আখাউড়ায় আসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে তিতাস কমিউটার ট্রেন আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনে সেলিম তাঁর স্বজনদের নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই সেলিমের মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেয় এক ছিনতাইকারী। এ সময় মুঠোফোনটি উদ্ধারের জন্য সেলিম ও তাঁর শ্যালক মো. সিফাত ট্রেন থেকে লাফ দেন। এতে সেলিমের দুই পা কাটা পড়ে এবং সিফাত আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘সেলিম ভাই ও তাঁর শ্যালক চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছিনতাইকারীর ধাক্কায় সেলিম ভাই চলন্ত ট্রেনের নিচে গিয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর দুটি পা কাটা পড়ে। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ১০ জানুয়ারি তাঁর সৌদি আরব ফেরার কথা।’
তাসলিমা আক্তার আরও জানান, গতকাল সকালে সেলিম সবাইকে নিয়ে ট্রেনে করে নরসিংদীর পলাশে তাঁদের বাড়ি ফিরছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার জানান, ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারানো সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর শ্যালকের অবস্থা ভালো। তবে এ ঘটনায় আহত ব্যক্তির
পরিবার থেকে এখনো কোনো মামলা হয়নি।