মুঠোফোন ও টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন ও টাকা নিয়ে পালিয়ে গেছেন ইমরান (২৫) নামের এক মুঠোফোন কারিগর। গত সোমবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকা থেকে তিনি পালিয়ে যান। গতকাল মঙ্গলবার সকালে দোকান বন্ধ পেয়ে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এলাকার লোকজন। স্থানীয় লোকজন জানান, ইমরান দুই বছর আগে উপজেলা সদরের ইছাখালী জামে মসজিদ মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে ‘মোবাইল সার্ভিসিং সেন্টার’ খোলেন। এলাকার বহু লোক তাঁর কাছে মুঠোফোন মেরামত করতে দেন। কেউ কেউ বিক্রির জন্যও দেন। এর মধ্যে ইমরান স্থানীয় মানুষের সঙ্গে হূদ্যতা গড়ে তুলে ব্যবসা করার নামে পৃথকভাবে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে সোমবার রাতে তিনি ১৫-১৬টি মুঠোফোন ও টাকা নিয়ে পালিয়ে যান।আবদুল মান্নান নামের এক ব্যক্তি জানান, ইমরান উপজেলার জাকিরাবাদ এলাকায় স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আচার-আচরণ ভালো দেখে এক মাস আগে তাঁকে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ৪০ হাজার টাকা ঋণ হিসেবে তুলে দেওয়া হয়। এ ছাড়া শক্তি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা থেকেও ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। আরও প্রায় ১৫ ব্যক্তি তাঁকে প্রায় দেড় লাখ টাকা দিয়েছেন বলে জানান। এ ব্যাপারে মুঠোফোনে (০১৮১২৪২৬৪১৯) যোগাযোগ করা হলে মো. ইমরান বলেন, ‘আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদস্য হিসেবে আমেনা বেগম ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন, এটা ঠিক। আর কারও কোনো টাকা বা মুঠোফোন আমি আনিনি। স্থানীয় মাস্তানদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি পালাতে বাধ্য হয়েছি।’ তিনি এখন কোথায় আছেন এবং তাঁর স্থায়ী ঠিকানা জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন। দোকানের মালিক আনিছুর রহমান বলেন, ‘ইমরানের বাড়ি কক্সবাজার সদর উপজেলার কলাতলীতে। তাঁর বাবার নাম নাসির উদ্দিন। তিনি পালিয়ে যাওয়ার পর মুঠোফোন ও টাকার জন্য পাওনাদারেরা এখন আমার কাছে আসছেন।’