
মুঠোফোনের কলড্রপ সমস্যা সমাধানে অপারেটরদের লিখিত মতামত জানতে চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মুঠোফোন ব্যবহারকারীরা কলড্রপের মতো সমস্যার শিকার হলে তাঁদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে সম্পর্কে অপারেটরদের মতামতও চাওয়া হয়েছে।
কলড্রপসহ মুঠোফোন-সংক্রান্ত সেবার মান বাড়াতে করণীয় নিয়ে দেশের ছয় অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে সচিবালয়ে গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের মধ্যে কলড্রপ সমস্যা সমাধানে মুঠোফোন অপারেটরদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে সাম্প্রতিক সময়ে কলড্রপ বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে প্রধান নির্বাহীদের কাছে জানতে চান প্রতিমন্ত্রী তারানা হালিম। এর জবাবে সিইওরা জানান, কলড্রপ সমস্যার পেছনে মোবাইল অপারেটরদের পাশাপাশি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ), আইসিএক্স, এনটিটিএনের মতো অন্য পক্ষের ভূমিকা রয়েছে। এ সমস্যা সমাধান করতে হলে তাদের সঙ্গেও আলোচনা করতে হবে। একটি কল গ্রাহক পর্যন্ত পৌঁছাতে মুঠোফোন অপারেটরদের কারিগরি সহযোগিতা দিয়ে থাকে এসব পক্ষ।
গতকালের বৈঠকে কলড্রপসহ গ্রাহকসেবার মান বাড়াতে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোকে নিয়ে ডিসেম্বরের মধ্যে কলড্রপ সমস্যার সমাধান করা; গ্রাহক কলড্রপের শিকার হলে তার ক্ষতিপূরণ নিশ্চিত করা; গ্রাহকের অনুমতি ছাড়া কোনো সেবা নিতে বাধ্য না করা; মুঠোফোন বা ইন্টারনেটভিত্তিক যেকোনো সেবার অটো রিনিউয়াল বন্ধ করা ও ভ্যালু অ্যাডেড সেবার নীতিমালা চূড়ান্ত করা।
তারানা হালিম বলেন, গ্রাহকস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড টেলিযোগাযোগ খাতে চলবে না। একজন গ্রাহকও যদি সমস্যায় পড়েন, তাহলে সে সমস্যা সমাধানে কোম্পানিগুলোকে সচেষ্ট থাকতে হবে।