মুঠোফোন কোম্পানিগুলো অবৈধ ভিওআইপিতে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানিগুলো অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা করায় এ খাতে সরকারের রাজস্ব কমে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রোববার টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিটিআরসি কর্তৃপক্ষ এই অভিযোগ করে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বিটিআরসি জানিয়েছে, গত বছরের অক্টোবরে প্রতিদিন আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল পাঁচ কোটি ২০ লাখ মিনিট। অথচ ১৩ সেপ্টেম্বরে আন্তর্জাতিক কল দুই কোটি ৫৩ লাখ মিনিটে নেমে এসেছে। বিটিআরসি আরও জানিয়েছে, এখন থেকে তারা মুঠোফোন কোম্পানিগুলোর সার্বিক কাজ ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করবে।বৈঠক শেষে কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, অবৈধ ভিওআইপি কলের কারণে বৈধ পথে কল আদান-প্রদান কমে গেছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। তবে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া বৈঠকে আন্তর্জাতিক ইনকামিং কল কমে যাওয়ার কারণ নির্ণয় ও ভিওআইপি রোধে মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, গ্রামীণফোন ২০০১ থেকে এখন পর্যন্ত সরকারকে ছয় হাজার ২৮ কোটি ৯২ লাখ টাকা কর দিয়েছে। একই সময়ে বাংলালিংক দুই হাজার ৭০৬ কোটি ৩৬ লাখ, রবি দুই হাজার ৭২২ কোটি ৮৯ লাখ ও সিটিসেল ৬০৪ কোটি ২৭ লাখ টাকা কর দিয়েছে।কমিটির সদস্য আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, নজরুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।