বেসরকারি মুঠোফোন কোম্পানিগুলো তাদের বিনিয়োগ করা মূলধনের বিপরীতে কী পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেছে, তা জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির আগামী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল সোমবার এই হিসাব চাওয়া হয়। কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল খবরের সত্যতা নিশ্চিত করেন।বৈঠক সূত্র আরও জানায়, কমিটি ২০০৭ সালের আগে ও পরে অবৈধ ভিওআইপির দায়ে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা এবং সেসব প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি কী, তা জানতে চেয়েছে।মইন উদ্দীন খান বলেন, ‘অবৈধ ভিওআইপি’র দায়ে অনেক ছোট প্রতিষ্ঠানের কর্তাদের কারাদণ্ড হয়েছে। অথচ বড় প্রতিষ্ঠানগুলো জরিমানা দিয়ে রেহাই পেয়েছে। আইন এক হলে সবার শাস্তিও এক হওয়া উচিত। কমিটি এ বিষয়ে বিটিআরসির কাছে জানতে চেয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট) উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২০১৫ সালের মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে।