একটি মুঠোফোন কোম্পানির এক টাওয়ার থেকে মাত্রাতিরিক্ত বিকিরণ পাওয়া গেছে। বিকিরণের এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা (গাইডলাইন) অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে এমন তথ্য এসেছে।
একটি সম্পূরক আবেদনের শুনানিকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ ওই প্রতিবেদনের কথা জানায়। প্রতিবেদনটি হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়েছে। আদালত ২৮ মার্চ আদেশের জন্য দিন রেখেছেন।
ওই প্রতিবেদনের শেষাংশে বলা হয়, উপকমিটি বিকিরণ পরিমাপকালে একটি মোবাইল ফোন অপারেটরের একটি বেজ ট্রান্সিভার স্টেশনে (বিটিএস) মাত্রাতিরিক্ত বিকিরণ পেয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই দেশের বিভিন্ন জায়গায় ছয়টি মুঠোফোন অপারেটরের স্থাপিত বিটিএসগুলো পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার মধ্যে বিকিরণ নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা যেতে পারে। দ্বিতীয় সুপারিশে বলা হয়, নিয়মিতভাবে সব মোবাইল ফোন অপারেটরের বিটিএসের বিকিরণ মনিটর করতে বিটিআরসিকে বলা যেতে পারে। এ ছাড়া বিটিএস স্থাপন ও এর টাওয়ার থেকে বিকিরণ নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালা অতিসত্বর প্রণয়ন করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে বলা যেতে পারে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১২ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩০ অক্টোবর রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। বিভিন্ন মুঠোফোন কোম্পানির কয়েকটি টাওয়ার পরিদর্শন করে র্যা ডিয়েশনের ওপর চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবকে বিশেষজ্ঞ কমিটি গঠন করতেও বলা হয়। আণবিক শক্তি কমিশন প্রতিবেদন দিয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।