মুঠোফোন কোম্পানির কাছ থেকে ভ্যাট নেবে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানিগুলোর কাছ থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ের এখতিয়ার শুধু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।পাশাপাশি মূসক বিধিমালা-৯১ অনুযায়ী মুঠোফোন অপারেটরদের বিটিআরসিকে কোনো ফি দেওয়ার আগে তা থেকে ভ্যাট বাবদ অর্থ কেটে চালানের মাধ্যমে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।২০ অক্টোবর ‘মূসক উৎসে আদায়/কর্তন বিষয়ে স্পষ্টীকরণ ও মতামত’ শীর্ষক চিঠির উত্তরে এসব বিষয় স্পষ্ট করেছে এনবিআর। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, বিভিন্ন জোনের কমিশনার, কাস্টম, এক্সাইজ ও মূসক কমিশনারেটসহ সব মুঠোফোন অপারেটরের কাছে।চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগের সদস্য মো. আবদুল মান্নান পাটোয়ারী। তিনি বলেন, ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট আদায়ে এনবিআরের এখতিয়ার উল্লেখ করে ওই চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, বিভিন্ন ধরনের লাইসেন্স ও এর নবায়ন ফি, অন্যান্য ফি-চার্জ-রেভিনিউ শেয়ারিং— বিটিআরসি যা-ই সংগ্রহ করবে, তাতে ভ্যাট প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে ‘উৎসে মূসক কর্তনের বিধান’ অর্থাৎ প্রদেয় অর্থ বিটিআরসিকে দেওয়ার আগেই তা থেকে ভ্যাট কেটে রাখবে টেলিযোগাযোগ লাইসেন্স গ্রহণকারী বা ব্যবসায়ী। যে অর্থ পাবে এনবিআর।মুঠোফোন কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের প্রসঙ্গে অপারেটদের প্রথমে ভ্যাট কেটে রেখে বাকি টাকা বিটিআরসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আর দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন সংশোধিত নীতিমালায় (৭.১.১ ধারায়) বিটিআরসির নির্ধারিত ফি ‘কোনো ধরনের বিয়োজন’ ছাড়াই কমিশনকে জমা দিতে হবে বলে উল্লেখ রয়েছে। এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, ‘মূসক আইন অনুযায়ী বিটিআরসি কর্তৃক মূসক অব্যাহতি নেওয়ার সুযোগ প্রদানে এনবিআর অপারগ’।আইন অনুযায়ী, বিটিআরসি কখনোই নিজে ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে পারবে না।