মুঠোফোন কোম্পানির লাইসেন্স নবায়নের যৌক্তিক সমাধান হবে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, দেশের চারটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির লাইসেন্স নবায়নের বিষয়ে একটি যৌক্তিক সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।অন্যদিকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, গত ১৫ বছর এই কোম্পানিগুলো কোনো ধরনের ফি দেয়নি, তাদের বিনা মূল্যে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। হিসাব করলে এ সময়ে তাদের কাছ থেকে পাঁচ হাজার ২০০ কোটি টাকা পাওয়া যেত। গতকাল রোববার টেলিকম রিপোর্টার্স ফোরাম (টিআরএফ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তাঁরা এসব তথ্য জানান। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আবদুল কুদ্দুস, আ স ম ফিরোজ, মোয়াজ্জেম হোসেন রতন, খালেদ মাহমুদ চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত টেলিকম নীতিমালা বাস্তবায়ন হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে, একসঙ্গে এত টাকা দিলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানগুলো।এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের দাবির ব্যাপারে শুনেছি এবং আলোচনা করেছি। আমরা অবশ্যই একটি সমাধানের রাস্তা বের করব।’বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ১৫ বছরে এসব মুঠোফোন কোম্পানি দুই লাখ কোটি টাকা আয় করবে। সে ক্ষেত্রে এ ফি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা থাকার কথা নয়। যৌক্তিকভাবেই তাদের তরঙ্গ বরাদ্দে এ টাকা ধার্য করা হয়েছে। তিনি বলেন, তাদের বিলবোর্ডগুলোর ঔজ্জ্বল্য দেখেই বোঝা যায় তারা লাভে রয়েছে।