মুঠোফোন খাতে কর বৃদ্ধির সিদ্ধান্ত বিবেচনার আশ্বাস
মুঠোফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কর্তন, সিমকার্ড ও সফটওয়ার আমদানিতে প্রস্তাবিত আমদানিশুল্ক হ্রাসের বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দেন। মুঠোফোন অপারেটর রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। অপারেটর প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে বলেন, এতে মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া সিম ট্যাক্স প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান মাহমুদুর রহমান। তিনি বলেন, সিমপ্রতি যে ৬০৫ টাকা কর হিসেবে অপারেটরদের বিরাট অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে, তা দিয়ে তৃণমূল পর্যায়ে গ্রাহকসেবা বাড়ানো সম্ভব। বৈঠকে সিমকার্ডের ওপর আমদানি ও সম্পূরক শুল্ক বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া এ খাতে নেটওয়ার্ক আপগ্রেডেশন ও অন্যান্য প্রযুক্তির জন্য আমদানি করা সফটওয়ারের ওপর আমদানিশুল্ক তিন শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করা হয়েছে, এর ফলে খরচ বেড়ে যাবে এবং নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অপারেটররা।বৈঠকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট, বাংলালিংকের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স জাকিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।