মুঠোফোন চুরি ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন চুরির ঘটনার জের ধরে চট্টগ্রামের ফটিকছড়িতে গত রোববার রাতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সাহেদ মিয়া (৩২)। তাঁর বাড়ি ফটিকছড়ির ধুরুং গ্রামে।ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামসুল আলম জানান, রোববার রাতে মুনাফখীল এলাকায় ওয়াজ মাহফিলে স্থানীয় মো. রাশেদের একটি মুঠোফোন চুরি হয়। রাশেদ এ জন্য মাহফিলের সাজসজ্জার দায়িত্ব পাওয়া ডেকোরেটরের মিস্ত্রি মো. দিদারকে সন্দেহ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে রাত ১১টার দিকে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে ডেকোরেটর দোকানের মালিক মো. সাহেদ মিয়াও উপস্থিত হন। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে রাশেদ অতর্কিত সাহেদ মিয়াকে ছুরিকাঘাত করেন।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই মো. ফরিদ রাশেদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।