মুঠোফোন চুরির ঘটনায় সংঘর্ষ এএসআইসহ আহত শতাধিক
মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলার ভেন্না গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।গুরুতর আহত সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়াতুল রহমানসহ ৪২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ব্যক্তিদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) শফিকুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঈদের দুদিন আগে বোরাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম মনির হোসেন ওরফে ননীর সমর্থক নূর আলী মোল্লার একটি মুঠোফোন চুরি যায়। এ ঘটনার জন্য তিনি চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী এস এম মাহাবুবুল ইসলামের সমর্থক মনির মোল্লাকে দায়ী করেন।মুঠোফোন চুরির ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ভেন্নাবাড়ী বাজারে মাহবুবুল ইসলামের সমর্থক কাছেদ মোল্লা ও ননীর সমর্থক নূর আলীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিগত ইউপি নির্বাচনের বিরোধ সামনে চলে আসে। এ নিয়ে গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।শুক্রবার সকাল আটটার দিকে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় আশপাশের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। চেয়ারম্যান ননীর সমর্থকেরা প্রতিপক্ষ মাহবুবুলের সমর্থক মুছা মোল্লা, আব্বাস মোল্লা, গাউজ মোল্লা, ইউনুচ মোল্লা, তারামিয়া মোল্লার বাড়িসহ আট-দশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটের আঘাতে এএসআই বোরহানউদ্দিন আহত হন।গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মনির হোসেন বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।