মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গ্যাদন ফকির (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলির জুগিয়া গ্রামের ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জুগিয়া গ্রামের আবু ফকির (৫৫), মিঠুন আলী (২৫), রমজান আলী (৫০), হেলাল উদ্দীন (২৫), রওশন আলী (৪৫), ইশারত আলী (৫৫) ও আমির আলী (৩৬)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইশারত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জুগিয়া ক্যানেলপাড়ার সাদ্দাম হোসেন নামের এক যুবকের মুঠোফোন তাঁর প্রতিবেশী মাহবুব হক ছিনিয়ে নেন। সাদ্দাম মুঠোফোন ছিনতাইয়ের বিষয়টি রাতেই মাহবুবের পরিবারকে জানান। পরে বিষয়টির সুরাহা করা হয়। এ সময় মাহবুবের পরিবারের সদস্যরা মাহবুবকে মারধর করেন।গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় সাদ্দামের ভাই মাহবুবদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে মারধর করেন মাহবুব। খবর পেয়ে সাদ্দামের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে মাহবুবদের বাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মাহবুবের চাচা গ্যাদন ফকিরসহ ১০ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে গ্যাদন ফকিরের মৃত্যু হয়।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আমির আলীকে গ্রেপ্তার দেখিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মাহবুব নেশা করত বলে জানা গেছে।