মুঠোফোন টাওয়ারের রেডিয়েশন ও প্রভাব খতিয়ে দেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের (তেজস্ক্রিয়তা) মাত্রা এবং স্বাস্থ্য ও পরিবেশের ওপর এর প্রভাব খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। হাইকোর্ট মুঠোফোন টাওয়ার থেকে বিকিরণের স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেন। একই সঙ্গে বিভিন্ন মুঠোফোন কোম্পানির কয়েকটি টাওয়ার পরিদর্শন করে নিঃসৃত তেজস্ক্রিয়তার ওপর চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে বলা হয়েছে। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী মঙ্গলবার রিটটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, মুঠোফোন টাওয়ারের রেডিয়েশনে মানুষের স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্যসচিবকে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করতে বলা হয়েছে। বিজ্ঞানী, সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় এবং আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি গঠন থেকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া রেডিয়েশনের মাত্রা খতিয়ে দেখে মতামতসহ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।রুলে দেশজুড়ে স্থাপিত মুঠোফোন কোম্পানির টাওয়ারগুলো থেকে নিঃসৃত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগসচিব, স্বাস্থ্যসচিব, পরিবেশসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।