মুঠোফোন হারানো নিয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত রোববার ইনস্টিটিউটের ছাত্রাবাসে ওই ঘটনা ঘটে। এ সময় বহিরাগতরাও ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে যোগ দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে শিগগিরই প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। জানা গেছে, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের আবু ইউসুফ ছাত্রাবাসে ছাত্রলীগের আবু হানিফের সমর্থক ও প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগের মুঠোফোন হারিয়ে যায়। এ জন্য সোহাগ সংগঠনের আরেক পক্ষ পারভেজ আহমদের কর্মী চতুর্থ বর্ষের ছাত্র সাকিলকে দায়ী করেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা কথাকাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা দা, ছেনি নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে কমপক্ষে ১০ জন আহত হন।এ ব্যাপারে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব বলেন, ‘একটি রাজনৈতিক দলের ছাত্ররা নিজেদের মধ্যে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে ঝামেলা করেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। পুলিশও এসেছে।’সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, দুই পক্ষের মধ্যে মোবাইল ফোন নিয়ে মারামারি হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছে। তবে থানায় কোনো মামলা হয়নি।