স্বল্পমূল্যে মুঠোফোনের উন্নতমানের সেবা ও নিত্যনতুন প্রাযুক্তিক সুবিধা পেতে আগ্রহী মুঠোফোনের গ্রাহকেরা। তবে তাদের অধিকাংশই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী।গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী প্রজন্মের মুঠোফোনে যোগাযোগের নানা দিক নিয়ে পরিচালিত জরিপের ফল প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম বিজনেস সফটওয়্যার কোম্পানি ওরাকল। ‘অপরচুনিটি কলিং: ফিউচার অব মোবাইল কমিউনিকেশন্স’ শীর্ষক এ জরিপে সারা বিশ্বের তিন হাজার মুঠোফোন ব্যবহারকারী অংশ নেয়। জরিপে মুঠোফোনের ব্যবহার, ব্যবহারকারীদের ভাবনা, নতুন প্রযুক্তি, বিশেষ করে, এর বিভিন্ন প্রয়োগ (অ্যাপ্লিকেশন্স), মুঠোফোনে বিজ্ঞাপনের প্রতি আগ্রহ এবং পরবর্তী প্রজন্মের মুঠোফোনে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের চাওয়া নিয়ে জানতে চাওয়া হয়েছে।ওরাকল কমিউনিকেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাস্কর গ্রোতি বলেন, যোগাযোগ-সেবা প্রদানকারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে সব সময় নতুন প্রযুক্তির খোঁজে থাকে। আর ব্যবহারকারীরা চায় নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষমতাসম্পন্ন মুঠোফোন। তবে খরচ ও বিশ্বস্ততাই তাদের সেবাদানকারী (অপারেটর) নির্বাচনের মূল সূত্র।প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নতুন প্রযুক্তিসমৃদ্ধ মুঠোফোন ব্যবহারে বিভিন্ন শ্রেণীর মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ৮২ শতাংশ বর্তমান সুবিধায় সন্তুষ্ট। তবে ৭৭ শতাংশ ব্যবহারকারী আরও সুবিধা পেলে অন্য অপারেটরে যেতে আগ্রহী।ব্যবহারকারীরা মুঠোফোনে অসংখ্য তথ্যের (ডাটা) সমাগম চায়। এ জন্য তারা অতিরিক্ত অর্থ ব্যয় করতেও রাজি। অসীম তথ্য-সেবার বিনিময়ে ৭ শতাংশ পর্যন্ত বেশি অর্থ ব্যয় করতেও আপত্তি নেই ৬১ শতাংশ ব্যবহারকারীর। পাশাপাশি ৫৯ শতাংশ ব্যবহারকারী একই সুবিধার বিনিময়ে ৫ শতাংশ পর্যন্ত বেশি অর্থ ব্যয় করতে আপত্তি করেনি।৫৪ শতাংশ ব্যবহারকারী বিশ্বাস করে, আগামী পাঁচ বছরের মধ্যে তাদের মুঠোফোনটিকে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ (জিপিএস) হিসেবে ব্যবহার করবে। ৩১ শতাংশ ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করতে এবং ২৪ শতাংশ গাড়ি চালু করার কাজে ব্যবহার করতে পারবে বলে তারা আশা করছে। এমনকি তারা মুঠোফোনের মাধ্যমেই ভিডিও চ্যাট, দরকারি অনলাইন তথ্যর জন্য বারকোড ব্যবহার এবং বাড়ির বিদ্যুৎ ব্যবহার পর্যবেক্ষণের সুবিধা চায়।জরিপের ৬৪ ভাগ ব্যবহারকারী কম খরচের (প্রাইস ডিসকাউন্ট) বিনিময়ে তাদের মুঠোফোনে বিজ্ঞাপন পেতে আগ্রহী। ১৮-৩৩ বছরের ব্যবহারকারীরা, ৪৬-৬৪ বছরের ব্যবহারকারীদের তুলনায় তিন গুণ হারে মুঠোফোনকে তাদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী। এসব তরুণ হাতের মুঠোফোনটিকেই ব্যক্তিগত কম্পিউটার হিসেবে ব্যবহার করতে দ্বিগুণ হারে আগ্রহী।