মুঠোফোন রিচার্জ ব্যবসায়ী সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন রিচার্জ ব্যবসায়ী সমিতি গতকাল শুক্রবার সকালে নগরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। ১১ দফা দাবির সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।ব্যবসায়ী সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে সারা দেশে চার দিনের জন্য মুঠোফোনে রিচার্জ বন্ধ রাখা হয়েছে।কেন্দ্রের সিদ্ধান্তে গতকাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ব্যবসায়ীরা সমাবেশ করেন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির আগ্রাবাদ অঞ্চলের আহ্বায়ক ওবায়দুর রহমান, ইপিজেড অঞ্চলের আহ্বায়ক মো. ইলিয়াস, পতেঙ্গা অঞ্চলের আহ্বায়ক মো. নুরুল হুদা, আমবাগান অঞ্চলের আহ্বায়ক মো. রাহাত প্রমুখ। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দাবিদাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক আশ্বাস মেলেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।প্রতি হাজারে রিচার্জের কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করা, ভুল নম্বরে রিচার্জ করা টাকা ফেরতের ব্যবস্থা, রিচার্জ ব্যবসায় জড়িত ব্যক্তিদের রিচার্জের সিম প্রদান, ভ্রাম্যমাণ দোকান বা প্রতিষ্ঠানকে রিচার্জের সিম দেওয়া বন্ধ করা, সিমের কমিশন সঙ্গে সঙ্গে হস্তান্তর, পিসিও সিমে ২৪ ঘণ্টা ২৫ পয়সা মিনিট কলরেট নির্ধারণ এসব তাঁদের দাবির অন্যতম।