মুঠোফোন লুকাতে গিয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতালের সাফিনা নার্সিং ইনস্টিটিউটের ভবনের ছাদ থেকে পড়ে গত মঙ্গলবার তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম সোনিয়া খাতুন (২০)। ছাদে মুঠোফোন লুকাতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর মৃত্যুর খবরে সহপাঠীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক লিপি দাস ও আবাসিক তত্ত্বাবধায়ক কমলা মল্লিক হোস্টেলের প্রতিটি কক্ষে গিয়ে মুঠোফোনের খোঁজে তল্লাশি চালান। শিক্ষার্থীদের কাছে মুঠোফোন পাওয়া গেলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে তাঁরা শিক্ষার্থীদের জানান। আতঙ্কে সোনিয়া তাঁর মুঠোফোন চারতলা ভবনের ছাদে লুকাতে যান। এ সময় ছাদের নিচু রেলিংয়ে ধাক্কা খেয়ে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোনিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা হোস্টেলে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, হোস্টেলে টিভি দেখতে ও পত্রিকা পড়তে দেওয়া হয় না। মুঠোফোনে কথা বলতে হলে লিপি দাসের কাছে গিয়ে কথা বলতে হয়। এ জন্য দ্বিগুণ খরচ নেওয়া হয়। অথচ ঢাকা থেকে কর্মকর্তারা পরিদর্শনে এসে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে বলেন।শিক্ষার্থী শামীমা আকতার জানান, লিপি দাস ও কমলা মল্লিক হোস্টেলের ভেতর মুঠোফোন ব্যবহার করতে দেন না। ব্যবহার করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়। জুলেখা খাতুন জানান, মুঠোফোন ব্যবহার করায় সম্প্রতি তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ইনস্টিটিউটের অধ্যক্ষ বিথীকা বাড়ৈয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান, তিনি বাইরে আছেন। ঘটনা সম্পর্কে পরে জানাবেন।লিপি দাস দাবি করেন, ভর্তির সময় পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে মুঠোফোন ব্যবহার না করার শর্ত দেওয়া ছিল। ছাত্রীদের নিয়ন্ত্রণে রাখতেই মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। টেলিভিশন ও পত্রিকার বিষয়টি তিনি অস্বীকার করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।