মুঠোফোন হারানোর ঘটনায় গুলিতে নিহত ১, আহত ৩
নোয়াখালীর বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামে মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনার জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে বিরোধে সন্ত্রাসীদের গুলিতে মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের জব্বার ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত তিনজন। তাঁরা হলেন মনু মিয়া, মো. ফরহাদ ও রিয়া আক্তার। তাঁদের রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই গ্রামের আবদুল জব্বার ডাক্তারের বাড়ির সাইফুল ইসলামের একটি মুঠোফোন হারিয়ে যায়। এ নিয়ে একই বাড়ির প্রবাসী ইসমাইল হাজির পরিবারের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। ওই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার রাত আটটার দিকে সালিসি বৈঠক বসলেও সমঝোতা হয়নি। একপর্যায়ে সাইফুলের লোকজন ইসমাইল হাজির পরিবারের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় ইসমাইল হোসেন নামের হামলাকারীদের একজনকে ধরে আটকে রাখেন ইসমাইল হাজির পরিবারের লোকেরা।
এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে সাইফুল অস্ত্রধারী একদল সন্ত্রাসী নিয়ে অতর্কিতে ইসমাইল হাজির পরিবারের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের ঘর থেকে বের হয়ে এলে একই বাড়ির মনির হোসেন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। প্রাথমিক তদন্তে একটি মুঠোফোন হারানোর ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের এ ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া গেছে।
ওসি জানান, মনির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।